Home খেলাধুলাব্রাজিলের তারকা ফরোয়ার্ড রদ্রিগোর বিশ্বকাপ শেষ

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রদ্রিগোর বিশ্বকাপ শেষ

Muktochinta Online
০ comments views

বিশ্বকাপের এখনও তিন মাসের বেশি সময় বাকি। এরই মাঝে ব্রাজিল শিবির থেকে মিলল দুঃসংবাদ। চোটে বিশ্বকাপ থেকে এখনই ছিটকে গেলেন দলটির তারকা ফরোয়ার্ড রদ্রিগো।

এক বিবৃতিতে বুধবার রদ্রিগোর হাঁটুর চোটের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। পরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান রদ্রিগো নিজে।

কঠিন এই সময়ে মনকে শক্ত রাখতে বলেছেন তার জাতীয় দলের সতীর্থ নেইমার। পাশে থাকার কথা জানিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশনও।

পেশির চোটে এক মাসের বেশি সময় বাইরে থাকার পর, সোমবার গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন রদ্রিগো। লা লিগার ম্যাচটিতে ৫৪তম মিনিটে বদলি নামানো হয় তাকে। ৬৬তম মিনিটে বাম উইংয়ে প্রতিপক্ষ চ্যালেঞ্জ জানালে আরও দ্রুত এগোতে গিয়েই বিপত্তি বাধান তিনি। ব্যথা থাকলেও অবশ্য শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান এই তারকা

রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিসেস আজ আমাদের খেলোয়াড় রদ্রিগোর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে, তাঁর ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও ল্যাটারাল মিনিস্কাস ছিঁড়ে গেছে।’

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোট নিয়ে হতাশা ঝরে রদ্রিগোর কণ্ঠে।

‘আমার জীবন ও ক্যারিয়ারে বিশাল এক বাধা এসে দাঁড়িয়েছে। বেশ কিছুদিনের জন্য আমি যা সবচেয়ে বেশি ভালোবাসি, সেটাই করতে পারব না। ক্লাবের হয়ে মৌসুমের বাকি সময় আর খেলতে পারছি না। দেশের হয়ে বিশ্বকাপেও থাকতে পারছি না। এ স্বপ্নটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে। এখন আমার করণীয় একটাই, সব সময়ের মতো শক্ত থাকা। এটা আমার জন্য নতুন কিছু নয়।’

‘এটা জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। এই চোটকে আমি সব সময় ভয় পেতাম। হয়তো ইদানীং জীবন আমার প্রতি একটু নির্মম হয়েছে…জানি না আমি এটার প্রাপ্য কি না। তবে অভিযোগই–বা করব কীভাবে? জীবনে অনেক সুন্দর মুহূর্ত পেয়েছি, যেগুলোরও হয়তো আমি যোগ্য ছিলাম না।’

রদ্রিগোর চোট নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানায়, ‘স্প্যানিশ লিগে হেতাফের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়া রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের প্রতি সংহতি প্রকাশ করছে সিবিএফ। রদ্রিগো ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও বাইরের মিনিস্কাসে চোট পেয়েছে। সিবিএফ তার দ্রুত সুস্থতা কামনা করছে এবং যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফিরতে দেখতে চায়।’

ঠিক কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে তা জানায়নি কেউই। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর বেরিয়েছে, প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে হবে রদ্রিগোকে। তবে তার মাঠে ফেরা নির্ভর করবে পুনর্বাসনে অগ্রগতির ওপর।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ১০ থেকে ১২ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রদ্রিগোকে।

২০২৩ সালে প্রায় একই চোটে পড়েছিলেন নেইমার। ব্যাপারটা তাই ভালো করেই জানেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। কঠিন এই সময়ে মনকে শক্ত রাখতে বলেছেন সান্তোসের এই তারকা।

‘আমার ১০ নম্বর, আমার ছেলে, আমার উত্তরসূরি (আমি তোমাকে এভাবেই ডাকি), তোমার কাছে আমার একটাই অনুরোধ, মনকে শক্ত রাখো। প্রিয় মানুষদের এখন পাশে রাখার সময়। তুমি যেমন আমাকে বলেছিলে, “এখন তোমার এভাবে যাওয়ার কথা ছিল না।” কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলার আমরা কে? আমি নিশ্চিত, তুমি আগের সেরা ছন্দে ফিরবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি যেমন আমাকে সমর্থন দিয়েছ, আমিও তেমনই তোমার পাশে থাকব।’

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সবশেষ চার ম্যাচে দলে ছিলেন না রদ্রিগো। তবে সবশেষ চার প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির দলে ছিলেন তিনি। এ থেকে বোঝা যায় কোচের বিশ্বকাপের সম্ভাব্য তালিকায় ছিলেন এই ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ২৭ ম্যাচ খেলেছেন রদ্রিগো। ৩ গোলে পাশাপাশি রেখেছেন ৬ গোলে অবদান।

আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ।

You may also like

Leave a Comment