মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বা সংকটের ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ বহন করা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ বুধবার (৪ মার্চ) সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই উদ্বেগের কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি মার্কিন প্রতিনিধিকে অবহিত করেছেন যে, এই সংঘাতে ইতোমধ্যে দুজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। যুদ্ধ দীর্ঘস্থায়ী বা আরও বিস্তৃত হলে প্রাণহানির ঝুঁকি যেমন বাড়বে, তেমনি বিশ্ব অর্থনীতির অস্থিরতা বাংলাদেশের অর্থনীতির ওপর যে বিরূপ প্রভাব ফেলবে, তা মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়বে। বাংলাদেশ দ্রুত আলোচনার মাধ্যমে কূটনৈতিক পথে এই সমস্যা সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের কার্যকর উদ্যোগ চেয়েছে।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য দিক নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশিদের সসম্মানে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করার বিষয়ে কথা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। পল কাপুর বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আগামীতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।