Home খেলাধুলা৩ গোলে জিতেও বার্সার বিদায়

৩ গোলে জিতেও বার্সার বিদায়

Muktochinta Online
০ comments views

চার গোলের ব্যবধান ঘুচিয়ে অসম্ভবকে সম্ভব করার কথা বলেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্সে সেই সম্ভাবনাও জাগাল তার শিষ্যরা। কিন্তু পেরে উঠল না শেষ পর্যন্ত। প্রথম লেগের বড় জয়ই এক যুগ পর আতলেতিকো মাদ্রিদকে তুলে দিল কোপা দেল রের ফাইনালে।

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। তবে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের ব্যবধানে এগিয়ে ফাইনালের টিকেট পেয়েছে আতলেতিকো।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। ম্যাচের ২৯তম মিনিটে মার্ক বের্নাল দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।

ম্যাচের ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করেন বের্নাল। তখনও নির্ধারিত সময়ের খেলা ১৮ মিনিট বাকি। কিন্তু এরপর আক্রমণের ঝড় তুলেও আর জালের দেখা পায়নি গতবারের চ্যাম্পিয়নরা।

পরিসংখ্যানেও ফুটে উঠেছে ম্যাচে বার্সেলোনার দাপট। প্রায় ৭১ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে কাতালোনিয়ার দলটি। বিপরীতে ৭ শটের ২টি লক্ষ্যে ছিল আতলেতিকোর।

প্রতিযোগিতায় একাদশ শিরোপার অভিযানে থাকা দিয়েগো সিমেওনের দলটি ফাইনালে খেলবে রিয়াল সোসিয়েদাদ অথবা আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।

You may also like

Leave a Comment