আইনের দ্বারস্থ এবার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সমাজমাধ্যমে নায়িকার চেহারা নিয়ে প্রতিনিয়ত কু-মন্তব্য, খারাপ কথা বলার অভিযোগ। ধৈর্যের বাঁধ ভেঙেছে নায়িকার। শুক্রবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ইমেল মারফত অভিযোগ জানান নায়িকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা অভিযোগটি পেয়েছেন। অভিনেত্রী শ্রাবন্তী এ প্রসঙ্গে বললেন, আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিই ‘সফ্ট টার্গেট’। কিন্তু, শুধু শিল্পী হিসেবে বলছি না। একজন সাধারণ মানুষ হিসেবেই বলছি, এভাবে সমাজমাধ্যমে দিনের পর দিন নোংরা মন্তব্য খুবই কু-রুচিকর। আমার সম্পর্কে নেতিবাচক কথা তো বলা হচ্ছে! একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন হয়েছে। ‘ঠাকুমার ঝুলি’ নামের ওয়েব সিরিজের শুটিং সদ্য শেষ করেছেন অভিনেত্রী। সেখানে ঠাকুরমা হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। নায়িকার দাবি, চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। শ্রাবন্তী যোগ করেন, ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য আমাকে তো সেভাবেই প্রস্তুতি নিতে হবে। ঠাকুরমার গড়ন তো ছিপছিপে নায়িকা-সুলভ হতে পারে না। মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। আর এর মধ্যে শুধু পুরুষ নন, নারীরাও রয়েছেন। সিরিজের শুটিং এখন শেষ। এখন আবার শরীরচর্চায় মন দিয়েছেন নায়িকা।
আইনের দ্বারস্থ শ্রাবন্তী চ্যাটার্জি
৭
previous post