হারলেই শিরোপার আশা অনেকটাই শেষ- এমন সমীকরণের সামনে রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপার আশা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
টানা দ্বিতীয় পরাজয়ে দুই দশকের বেশি সময়ে শিরোপা খরা কাটানোর স্বপ্নে বড় এক ধাক্কা খেল আর্সেনাল। তাদের সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার। কিন্তু হেরে যাওয়ায় সিটির সঙ্গে সেই ব্যাবধান নেমে এসেছে ৩ পয়েন্টে।
নিজেদের পরের ম্যাচে অবনমন অঞ্চলের দল বার্নলিকে দুই বা তার চেয়ে বেশি গোলের ব্যবধানে হারাতে পারলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে সিটি।
৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষেই আছে আর্সেনাল। ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য করেছে সিটি। ৫৯ শতাংশ বলের দখল রেখে গোলের উদ্দেশে ১২টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে ৮ শটের ২টে লক্ষ্যে ছিল আর্সেনালের।
ম্যাচের ১৬তম মিনিটে দারুণ গোছালো আক্রমণে গোল করে সিটিকে এগিয়ে নেন রায়ান চেরকি। ১০৭ সেকেন্ডের মাথায় গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার হাস্যকর ভুলে সেই আনন্দ দুই মিনিটও স্থায়ী হয়নি। পোস্টের ঠিক সামনে থেকে বল ক্লিয়ার করতে দেরি করে ফেলেন দোন্নারুম্মা। ছুটে এসে ট্যকল করেন কাই হাভার্টজ। বল আশ্রয় নেয় জালে।
তবে তাতে খেই হারিয়ে ফেলেনি সিটি। চাপ ধরে রাখে তারা। ৬৫তম মিনিটে পেয়ে যায় ফল। আর্লিং হলান্ড গোল করে দলকে এগিয়ে নেন। এই গোল আগলে রেখেই জয় তুলে নেয় আকাশী-নীল জার্সিধারীরা।
ম্যাচে দুই দলই অনেক সুযোগ পায়। বিরতির পর আর্লিং হালান্ড ও এজের শট পোস্টে আঘাত করে। হাভার্টজের একটি গুরুত্বপূর্ণ শট ঠেকান সিটি গোলরক্ষক। কিন্তু শেষ পর্যন্ত হলান্ডের গোল করে সিটিকে আবার এগিয়ে দেয়।
শেষ মুহূর্তে আর্সেনালও চেষ্টা চালায়—গ্যাব্রিয়েলের হেড পোস্টে লাগে এবং হাভার্টজ একটি সহজ সুযোগ নষ্ট করেন। তবে সিটি দৃঢ়ভাবে ম্যাচ শেষ করে আর্সেনালের ঘড়ে ফেলেছে নিঃশ্বাস।
কিছুদিন আগে আর্সেনালকে হারিয়েই কারাবাও কাপের শিরোপা জেতে সিটি। এদিনও ম্যাচ শেষে তাদের উদযাপন ছিল সেই শিরোপা জয়ের মতই।