লেবাননে ইরানের মিত্র যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের সাম্প্রতিক হামলার জবাব না দিয়ে চুপ থাকা সম্ভব নয়। সংগঠনটি তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে বৈধ প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেছে, ২০২৪ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ১৫ মাস ধরে লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন চালানো হয়েছে।
টেলিগ্রামে দেয়া এক বার্তায় হিজবুল্লাহ জানায়, ‘এই আগ্রাসন ঠেকাতে কিংবা ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি ও তার শর্তাবলি বাস্তবায়নে বাধ্য করতে সব রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’ তারা ইসরাইলের বিরুদ্ধে হামলাকে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ এবং ‘বৈধ অধিকার’ বলে আখ্যায়িত করে। সংগঠনটি আরও বলে, ‘আমরা বারবার সতর্ক করেছি যে, জবাবহীন আগ্রাসন চলতে পারে না, হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকতে পারে না।’ তাদের ভাষায়, ‘বোধগম্য সব উপায়ে, দৃঢ়তা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই আগ্রাসনের অবসান ঘটানোই এখন প্রয়োজন।’
এই বিবৃতি আসে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ঘোষণা দেয়ার পর। তিনি ঘোষণায় বলেন, ‘হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে’ এবং তাদের ভূমিকা ‘শুধু রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ থাকবে।’