Home আর্ন্তজাতিকখামেনি ‘নৃশংস হত্যাকাণ্ডে’র শিকার: পুতিন

খামেনি ‘নৃশংস হত্যাকাণ্ডে’র শিকার: পুতিন

Muktochinta Online
০ comments views

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ সংস্থা তাসের বরাতে জানা গেছে, পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক শোকবার্তায় এই ঘটনাকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। খবর আল জাজিরার।

পুতিন তার বিবৃতিতে উল্লেখ করেছেন, খামেনিকে হত্যার এই ঘটনা মানবিক নৈতিকতার সকল মানদণ্ড এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি খামেনিকে একজন ‘বিশিষ্ট রাষ্ট্রনায়ক’ হিসেবে বর্ণনা করেন, যিনি রাশিয়া ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যেতে ব্যক্তিগতভাবে বিশাল অবদান রেখেছিলেন।
ক্রেমলিন থেকে প্রকাশিত ওই বার্তায় পুতিন আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করা হয়েছে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই যৌথ হামলাকে একটি ‘পূর্বপরিকল্পিত এবং উস্কানিমূলক সশস্ত্র আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছিল। মস্কোর মতে, ওয়াশিংটন ও তেল আবিব ইরানের পারমাণবিক কর্মসূচির অজুহাতে আসলে দেশটিতে শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য পূরণ করতে চাইছে।

You may also like

Leave a Comment