গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দিয়ে বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন। সময়ের হিসাবে প্রায় সাড়ে তিন মাস পার হলেও এ সময়টায় জনসমক্ষে খুব একটা দেখা যায়নি ক্যাটরিনাকে, যদিও ভিকি কৌশল মাঝেমধ্যে ক্যামেরায় ধরা দিয়েছেন।
অবশেষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হন সদ্য মা হওয়া ক্যাটরিনা। ব্যক্তিগত গাড়ির ভেতরে বসেই তাকে দেখা যায়, সঙ্গে ছিলেন তার ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। কালো জাম্পার ও মুখে মাস্ক পরা ক্যাটরিনা পাপারাজ্জিদের সামনে মাস্ক না খুললেও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
নতুন অতিথিকে ঘিরেই এখন ক্যাটরিনা-ভিকির ব্যস্ততা। ফলে সাজগোজ বা স্টাইলিংয়ের জন্য সময় কমই পাচ্ছেন অভিনেত্রী। তবে মাতৃত্বের আনন্দ যে তাকে ভীষণ খুশি রেখেছে, তার মুখের উজ্জ্বলতাতেই মিলেছে সেই ইঙ্গিত।
গত মাসে সামাজিক মাধ্যমে সন্তানের ছোট্ট হাতের ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছিলেন, তাদের জীবনে এসেছে ‘বিহান কৌশল’—যাকে তিনি আখ্যা দেন তাদের প্রার্থনার ফসল হিসেবে। সংস্কৃত শব্দ ‘বিহান’-এর অর্থ ভোর বা নতুন সূচনা, যা তাদের জীবনের পরিবর্তনের প্রতীক বলেও উল্লেখ করেন এই তারকা দম্পতি।
২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে শ্রীরাম রাঘবন পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন বিজয় সেতুপতি। অন্যদিকে ভিকি কৌশল অভিনীত সাম্প্রতিক সিনেমা ‘ছাভা’-তে তার সঙ্গে দেখা গেছে রাশমিকা।