মানব ইতিহাসে রাসুল (সা.) ভারসাম্যের এক অনন্য উদাহরণ। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা, প্রজ্ঞাবান নেতা, দৃঢ়চেতা মানুষ এবং একজন আদর্শ শিক্ষক। তাঁর জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে ভারসাম্যময় জীবনের নানা দিক। তাইতো আল্লাহ তাআলা আমাদের তাঁর অনুসরণের নির্দেশ দিয়ে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ—তাদের জন্য, যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক পরিমানে স্মরণ করে। (সুরা: আহযাব, আয়াত: ২১)
তাই যে কেউ তাঁর জীবনী পাঠ করবে, সে জীবনের নানা ক্ষেত্রে এই ভারসাম্যের অপূর্ব প্রকাশ দেখতে পাবে। এর মধ্যে অন্যতম হলো—
১. ইবাদত ও জীবনযাপনে ভারসাম্য: নবী করিম (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। তবুও তিনি কখনো দ্বীনকে কষ্টকর বা ভারী বোঝা বানাননি বরং একে সহজ, মানবিক ও রহমতপূর্ণ করে উপস্থাপন করেছেন। তিনি ঘোষণা করেন, ’নিশ্চয়ই এই দ্বীন সহজ।
যে ব্যক্তি এটিকে কঠিন করে তুলতে চায়, সে এতে পরাজিত হবে। সুতরাং তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, সৎ পথে অটল থাকার চেষ্টা করো, সুসংবাদ দাও এবং সহজ করো।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৯)
একবার তিন সাহাবি নবী করিম (সা.)-এর ইবাদত সম্পর্কে জানতে এসে তা নিজেদের কাছে কম মনে করল। একজন বলল, ‘আমি সারাজীবন রোজা রাখবো, কখনো বিরতি দিবো না। দ্বিতীয়জন বলল: ‘আমি সারারাত নামাজ পড়বো, কখনো ঘুমাবো না।’ তৃতীয়জন বলল: ‘আমি কখনো বিয়ে করবো না।’ তখন নবী করিম (সা.) তাদের ডেকে বললেন: ‘আল্লাহর কসম! আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহভীরু ও পরহেজগার। তবুও আমি রোজা রাখি আবার রোজা ভাঙি, আমি নামাজ পড়ি আবার বিশ্রামও নিই, এবং আমি বিয়েও করি। অতএব, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। (সহিহ মুসলিম, হাদিস: ১৪০১)
২. আল্লাহর অধিকার, নিজের অধিকার ও অন্যের অধিকারে ভারসাম্য: ভারসাম্যের অনন্য দৃষ্টান্ত পাওয়া যায় সালমান ফারসি ও আবু দারদা (রা.)-এর ঘটনায়। একবার সালমান (রা.) লক্ষ্য করলেন, আবু দারদা (রা.) ইবাদতে এতটাই নিমগ্ন যে তিনি নিজের শরীর, পরিবার এবং আশপাশের মানুষের অধিকারগুলো যথাযথভাবে আদায় করতে পারছেন না। তখন সালমান (রা.) তাকে সুন্দরভাবে উপদেশ দিয়ে বললেন, ‘তোমার উপর তোমার নিজেরও অধিকার আছে, তোমার রবের অধিকার আছে, তোমার অতিথির অধিকার আছে এবং তোমার পরিবারেরও অধিকার আছে। সুতরাং প্রত্যেককে তার প্রাপ্য অধিকার প্রদান করো।’ পরবর্তীতে তারা বিষয়টি রাসুল (সা.)-এর কাছে উপস্থাপন করলে তিনি বললেন: ‘সালমান সত্য কথা বলেছে।’ (সহিহ বুখারি, হাদিস: ১৯৬৮)
৩. দয়া ও দৃঢ়তায় ভারসাম্য: নবী করিম (সা.) ছিলেন মানবজাতির মধ্যে সর্বাধিক দয়ালু ও কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহ তাআলা তাঁর সম্পর্কে বলেছেন, ‘আল্লাহর রহমতের ফলেই আপনি তাদের প্রতি কোমল হয়েছেন।’ (সুরা: আলে ইমরান, আয়াত: ১৫৯)
তবে এই দয়ার পাশাপাশি তিনি ছিলেন সত্যের প্রশ্নে অবিচল ও আপসহীন। নীতির ক্ষেত্রে তিনি কখনোই নমনীয় হননি, এবং আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘিত হলে তিনি দৃঢ় অবস্থান গ্রহণ করতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ‘নবী করিম (সা.)-কে যখনই দুটি বিষয়ের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতো, তিনি সহজটিই গ্রহণ করতেন—যতক্ষণ না তা পাপের সঙ্গে সংশ্লিষ্ট হতো। আর যদি তা পাপ হতো, তবে তিনি তা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতেন। আল্লাহর কসম! ব্যক্তিগতভাবে তাঁর প্রতি যত অন্যায়ই করা হোক, তিনি কখনো প্রতিশোধ নিতেন না। তবে যখন আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘিত হতো, তখন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৩২৭)
৪. ভুল সংশোধনে ভারসাম্য: ভুল সংশোধনে রাসুল (সা.)-এর পদ্ধতি ছিল অনন্য—তিনি কঠোর তিরস্কার বা অপমানের মাধ্যমে নয়, বরং কোমলতা, প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে সংশোধন করতেন। একবার এক বেদুইন মসজিদের ভেতরে প্রস্রাব করে ফেলেছিলেন। এ দৃশ্য দেখে সাহাবিরা রাগান্বিত হয়ে তার দিকে যেতে উদ্যত হলেন। কিন্তু নবী করিম (সা.) তাদের থামিয়ে দিয়ে বললেন: ‘তাকে ছেড়ে দাও, এবং তার প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। তোমাদের সহজ করার জন্য পাঠানো হয়েছে, কঠিন করার জন্য নয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১২৮)
৫. আবেগ ও দুঃখ-দুর্দশায় ভারসাম্য: মানবীয় আবেগের ক্ষেত্রেও নবী (সা.) ছিলেন ভারসাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কখনো অনুভূতিকে অস্বীকার করেননি, আবার তা সীমা অতিক্রম করতেও দেননি। যখন তাঁর প্রিয় পুত্র ইবরাহিম ইন্তেকাল করেন, তখন তিনি অশ্রুসিক্ত হয়েছিলেন। সেই মুহূর্তে তিনি বলেছিলেন: ‘চোখ অশ্রু ঝরায়, হৃদয় বেদনা অনুভব করে; তবে আমরা এমন কথাই বলি, যা আমাদের প্রভুকে সন্তুষ্ট করে।’ (সহিহ বুখারি: ১৩০৩)
৬. পরিবারের ভালোবাসা ও দায়িত্ববোধে ভারসাম্য: রাসুল (সা.) পারিবারিক জীবনে ছিলেন অসাধারণ কোমল, সহানুভূতিশীল ও সহজগম্য। তিনি শুধু উপদেশ দিতেন না; বরং নিজেই পরিবারের কাজে অংশ নিতেন, তাদের পাশে দাঁড়াতেন এবং দৈনন্দিন জীবনে সহযোগিতা করতেন। আয়েশা (রা.)-কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল: ‘নবী করিম (সা.) ঘরে কী করতেন? তিনি উত্তরে বলেন, ‘তিনি ঘরের কাজেই ব্যস্ত থাকতেন।’ (তিরমিজি: ২৪৮৯)
৭. নেতৃত্বে সাহস ও প্রজ্ঞার মধ্যে ভারসাম্য: নেতৃত্বের ক্ষেত্রেও নবী করিম (সা.) ছিলেন এক অনন্য আদর্শ। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, কিন্তু কখনো বেপরোয়া নন; পরিকল্পনাবান, কিন্তু ভীত নন। তাঁর জীবনে সাহস ও প্রজ্ঞার এক অপূর্ব সমন্বয় ঘটেছে। বিশেষ করে হিজরত-এর ঘটনা উল্লেখযোগ্য। তিনি এই গুরুত্বপূর্ণ যাত্রাটি অত্যন্ত সুচিন্তিতভাবে পরিকল্পনা করেছিলেন—একজন বিশ্বস্ত সঙ্গী নির্বাচন, আগেভাগে বাহনের ব্যবস্থা, পথ গোপন রাখা, নির্দিষ্ট সময় পর্যন্ত গুহায় অবস্থান করা এবং একজন দক্ষ পথপ্রদর্শকের সাহায্য নেওয়া—সবকিছুই ছিল সুপরিকল্পিত। তবুও তাঁর অন্তর ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থায় পরিপূর্ণ। সেই কঠিন মুহূর্তে তিনি আবু বকর (রা.)-কে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ‘দুঃখ কোরো না; নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন।’ (সুরা: তাওবা, আয়াত: ৪০)
৮. অতএব নবী করিম (সা.)-এর জীবনের এই ভারসাম্য কোনো তাত্ত্বিক আলোচনা নয়, কোনো দ্বিধাগ্রস্ত অবস্থানও নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এখানে আছে—অতিরঞ্জনহীন ইবাদত, দুর্বলতাহীন করুণা, কঠোরতাহীন দৃঢ়তা, সীমালঙ্ঘনহীন আবেগ এবং দ্বিধাহীন নেতৃত্ব। তাই বর্তমানে যখন মতভেদ প্রবল এবং চিন্তাধারা বিভ্রান্তিকর, তখন তোমাদের জন্য সর্বোত্তম পথ হলো—মুহাম্মদ (সা.)-কে জীবনের বাস্তব আদর্শ ও অনুসরণীয় পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করা।