গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সঠিক কারণ, শুটিংয়ের অনুমতি ছিল কি না এবং ইউনিট সদস্যদের বক্তব্যের অসঙ্গতি— এসবই এখনও প্রশ্ন তৈরি করছে। রাহুলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ৫ এপ্রিল মেরিন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তালসারি মেরিন থানার পুলিশ ৫ জনকে সমন পাঠিয়েছে। নির্ধারিত সময়ে হাজিরা না দিলে তদন্তের স্বার্থে ওড়িশা পুলিশ তাদের কলকাতায় তলব করতে পারে। পুলিশ কর্মকর্তা শ্রবণ মহারানা জানিয়েছেন, “৫ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তাদের সময়মতো হাজিরা দিতে বলা হয়েছে।”রাহুলের মৃত্যুর রহস্য এখনও কাটেনি এবং জনমনে ক্রমেই প্রশ্ন বাড়ছে।