Home 3rd Featured১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

Muktochinta Online
০ comments views

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার সদর উপজেলায় তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সরকারের ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের সূচনা হবে বগুড়া থেকেই। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে বলে জানা গেছে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নি¤œবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার আওতায় আসবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচিত করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। দরিদ্র, হতদরিদ্র ও নি¤œবিত্ত পরিবারের প্রকৃত চিত্র নির্ধারণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে যাচাই-বাছাই চলছে।

এদিকে গতকাল নৌ সদর দপ্তরে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি মসজিদের বাইরে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে শিশুদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদের সামনে এ দৃশ্য দেখা গেছে। শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল।
মসজিদ চত্বরে প্রধানমন্ত্রীকে দেখামাত্রই একদল শিশু-কিশোর তাকে ঘিরে ধরে। শিশুদের চোখেমুখে তখন বিস্ময় আর আনন্দ। এরই মধ্যে একজন সাহসী হয়ে প্রশ্ন করে বসল, ‘আংকেল, আপনি কি রোজা রেখেছেন?’ শিশুর এ নিষ্পাপ প্রশ্নে মুচকি হাসলেন প্রধানমন্ত্রী। পরম মমতায় উত্তর দিলেন ‘জি, আমি সব রোজা রেখেছি’। কিন্তু পাশ থেকে আরেক বন্ধু বলে উঠল, ‘না না, ও তো আজ সকালেই খেয়েছে, ও আজ রোজা নেই! বন্ধুর এমন মন্তব্যে শিশুটি কিছুটা বিব্রত হয়ে পড়লেও তারেক রহমান হাসিমুখে তাকে কাছে টেনে নেন। মাথায় হাত বুলিয়ে আদর করে জানতে চান আসলে সে কয়টি রোজা রেখেছে। তখন শিশুটি লাজুক কণ্ঠে স্বীকার করে ‘আজকের একটা রোজা বাদে সবগুলোই রেখেছি।’ প্রধানমন্ত্রীর উত্তর শুনে উপস্থিত শিশুদের মধ্যেও শুরু হয় রোজা রাখার গল্প। একে একে সবাই বলতে শুরু করে তারা কে কয়টি রোজা রেখেছে। এক শিশু বেশ বুক ফুলিয়ে দাবি করল, সে সবগুলো রোজা রেখেছে। তিনি শিশুদের ধর্মীয় অনুরাগের প্রশংসা করেন। উপস্থিত প্রতিটি শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। দেশের সরকারপ্রধানকে এতটা কাছে পেয়ে এবং তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পেরে শিশুদের আনন্দের সীমা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে, বিশেষ করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন সাবলীল ও মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়।

You may also like

Leave a Comment