- উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৬। ফোনগুলোর হার্ডওয়্যারের তুলনায় এজেন্টিক এআই ফিচারের দিকেই নজর দেওয়া হয়েছে বেশি। এস২৬ সিরিজের নতুন কী আছে, জানিয়েছেন এস এম তাহমিদ
প্রতিবছর প্রথম প্রান্তিকে স্যামসাং উন্মোচন করে গ্যালাক্সি এস সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এ বছরের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে ২৫ ফেব্রুয়ারি। এবারের অনুষ্ঠানের সর্বাধিক উচ্চারিত শব্দ ‘এজেন্টিক’, সহজেই অনুমান করা যায় চলমান এজেন্টিক এআই ট্রেন্ডে ঘিরেই এ বছরের তৈরি করা হয়েছে স্যামসাংয়ের নতুন সব ডিভাইস। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এসব স্মার্টফোন ব্যবহারকারীর নির্দেশের অপেক্ষায় না থেকে নিজে থেকেও বেশ কিছু কাজ করবে।
নতুন তিন ফোন
এ বছর গ্যালাক্সি এস সিরিজে যোগ হচ্ছে নতুন তিনটি মডেল—এস২৬, এস২৬+ এবং এস২৬ আলট্রা। প্রতিষ্ঠানটির দাবি, নতুন ফোনগুলোর ব্যবহারে অভিজ্ঞতা হবে একেবারেই আলাদা। ব্যবহারকারীর প্রয়োজন বুঝে নিজে থেকেই কাজ এগিয়ে রাখবে এসব ডিভাইস।
তিনটি ফোনেরই অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১৬।
সঙ্গে থাকছে স্যামসাং ওয়ান ইউআই ৮.৫ ইন্টারফেস ও সফটওয়্যার প্যাকেজ। বাজারভেদে ফোনগুলোর প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ ফর গ্যালাক্সি অথবা স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস সিরিজ। বর্তমান এস২৫ আলট্রার তুলনায় সিপিইউতে ১৯%, এনপিইউতে ৩৯% এবং জিপিইউতে ২৪% বেশি পারফরম্যান্স পাওয়া যাবে। শক্তিশালী এনপিইউ থাকায় এআই ফিচারের জন্য এস২৬ সিরিজের ফোনগুলো ক্লাউডের ওপর তেমন নির্ভরশীল থাকবে না।
ডিজাইনে নতুনত্বের অভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুযোগ করেছে অনেক স্যামসাং ফ্যান। আলট্রা সিরিজের এস-পেন থেকে ব্লুটুথ ফিচার সরানো নিয়েও দেখা গেছে অসন্তোষ। অনেকে বলেছে, তিন বছর ধরে একই ফোন বারবার বিক্রি করছে স্যামসাং।
প্রয়োজন নেই হাজারো অ্যাপ
এস২৬ সিরিজের মূল ফিচার মাল্টি-এজেন্ট এআই ইন্টিগ্রেশন। ব্যবহারকারীকে সাহায্য করায় বিক্সবি, গুগল জেমিনি এবং পারপ্লেক্সিটি মিলেমিশে কাজ করবে।
প্রথমে একবার সেটআপ করে নিলে ভয়েস কমান্ড দিয়েই জটিল কাজ একাধিক ধাপে সম্পন্ন করা যাবে। স্যামসাংয়ের ডেমোনেস্ট্রেশনে দেখা গেছে, গ্যালাক্সি স্মার্টফোন নিজে থেকেই খাবার অর্ডার দিচ্ছে, কথোপকথনের সময় পুরনো ট্রিপের ছবি তুলে আনছে বা এক ছবিতে একাধিক বস্তু শনাক্ত করছে। স্যামসাংয়ের ভাষ্য, এজেন্টিক এআই সুবিধা থাকায় ব্যবহারকারীদের বারবার অ্যাপ বদলে সময় নষ্ট করতে হবে না। অ্যাপ থেকে অ্যাপে লাফালাফির বদলে গুরুত্বপূর্ণ কাজে মন দিতে পারবে তারা। খাবার ডেলিভারি, রাইড শেয়ারিং বা ই-কমার্স অ্যাপগুলো ইনস্টল না করলেও চলবে, শুধু অ্যাসিস্ট্যান্টকে বলতে হবে কোন প্ল্যাটফর্মে কী কাজ করা প্রয়োজন। বাকিটা এআই নিজেই সামলে নেবে।
এআই টুলকিটে যোগ হয়েছে নতুন কয়েকটি ফিচার। কথোপকথন চালিয়ে ফটো অ্যাসিস্টের মাধ্যমে ছবি আবহ, আলো বিন্যাস ও ছবির মধ্যে থাকা ব্যক্তিদের পোশাকও বদলানো যাবে। ডকুমেন্ট স্ক্যান ফিচারটির মাধ্যমে বিকৃত বা ভাঁজ পড়া কাগজের স্ক্যান ঠিকঠাক করে সরাসরি পিডিএফ বানানো যাবে। অজানা নম্বর থেকে কল এলে এআই সেটি গ্রহণ করে ব্যবহারকারীকে সংক্ষেপে জানিয়ে দেবে কে ফোন করেছে ও তার উদ্দেশ্য কী। কোনো অ্যাপ অযাচিতভাবে সংবেদনশীল তথ্য ব্যবহারের চেষ্টা করলে সতর্কবার্তাও দেবে এআই সিকিউরিটি।
প্রাইভেসি ডিসপ্লে
পাশ থেকে যাতে কেউ ফোনের ডিসপ্লে দেখতে না পারে সে জন্য এস২৬ আলট্রা মডেলে যোগ হয়েছে প্রাইভেসি ডিসপ্লে ফিচার। বাড়তি পোলারাইজার বা ফিল্টার নয় এটি। বরং সরাসরি ডিসপ্লে প্যানেলের ভেতরেই ভিউয়িং অ্যাঙ্গেল সংকুচিত করার বিশেষ প্রযুক্তি। তাই ডিসপ্লের সুরক্ষায় ইচ্ছামতো গ্লাস বা পলিমার প্রোটেকটর ব্যবহারের সুযোগ থাকছে। সরাসরি তাকালে সব কিছু পরিষ্কার দেখা যাবে, কিন্তু পাশ থেকে দেখলে স্ক্রিন হয়ে যাবে বেশির ভাগই কালো, কিছু পড়ার উপায় থাকবে না। ব্যবহারকারীরা ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট অ্যাপে ফিচারটি চালু করতে পারবে অথবা বা পিন এন্ট্রির সময়ই এটি সক্রিয় হবে—এমনভাবেও সেট করা যাবে।
ক্যামেরা ও আনুষঙ্গিক
এস২৬ আলট্রা মডেলে রয়েছে ৬.৯ ইঞ্চি কিউএইচডি+রেজল্যুশনের ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। দীর্ঘ সময় ব্যবহারেও যাতে ফোন গরম না হয় সে জন্য থাকছে নতুন ডিজাইনের ভেপার চেম্বার কুলিং সিস্টেম। ব্যাটারির ধারণক্ষমতা থাকছে পাঁচ হাজার এমএএইচ। প্রায় ৩০ মিনিটে ০-৭৫% পর্যন্ত চার্জ হবে এটি। মূল ক্যামেরা থাকছে ২০০ মেগাপিক্সেল, পাশাপাশি থাকছে ডুয়াল টেলিফটো লেন্সে ১০০– পর্যন্ত ডিজিটাল জুম ও ৮কে রেজল্যুশনে ভিডিও রেকর্ডিং সুবিধা।
এস২৬ পাচ্ছে ৬.৩ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, ৪ হাজার ৩০০ এমএএইচ ধারণক্ষমতার ব্যাটারি এবং মোট তিনটি ক্যামেরা, ডুয়াল টেলিফটো বাদ পড়েছে। এস২৬+ মডেলে থাকছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ৪ হাজার ৯০০ এমএএইচ ব্যাটারি। সব কটি ডিভাইসের সফটওয়্যার এবং এআই ফিচার প্রায় এক। এস২৬ এর মূল্য শুরু ৮৯৯.৯৯ ডলার থেকে, এস২৬ আলট্রা-এর দাম ১,২৯৯.৯৯ ডলার থেকে শুরু। বাজারে আসবে ১১ মার্চ।
নতুন ফোনের অনুষঙ্গ হিসেবে স্যামসাং উন্মোচন করেছে নতুন গ্যালাক্সি বাডস ৪ এবং বাডস ৪ প্রো তারহীন হেডফোন। আরো উন্নত নয়েজ ক্যান্সেলেশন এবং ২৪-বিট/৯৬ কিলোহার্জ মানের লসলেস অডিও থাকছে এতে। হ্যান্ডস-ফ্রি এআই অ্যাক্টিভেশন ফিচারও যোগ করা হয়েছে। মূল্য বর্তমান বাডস ৩ এর মতোই ১৭৯.৯৯ ডলার থেকে শুরু।
স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা এবং গ্যালাক্সি বাডস ৪