গত ঈদটি দেশের বাইরে কাটিয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। ঈদের আগেই তিনি উড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। এখনো সেখানেই রয়েছেন তিনি। তবে মাহি বিদেশে থাকলেও এবারের ঈদে তার অভিনীত বেশ কিছু নাটকই স্বস্তি দিয়েছে দর্শকদের। একই ধরনের নাটকের ভিড়ে মাহি অভিনীত ‘সুপ্তাদের বাড়ি’ সত্যিই প্রশংসার দাবি রাখে। ইমরুল রাফাত পরিচালিত এ নাটকে চার বোনের গল্প দেখানো হয়েছে। যেখানে নায়ক নেই। এর মধ্যে মাহি অভিনয় করেছেন মেজো মেয়ের চরিত্রে, যে একরোখা ও জেদি। নাটকটির গল্পে রাফ অ্যান্ড টাফ চলাফেরায় অভ্যস্ত মাহি একসময় নেতিবাচক রূপ ধারণ করেন। একই ধরনের নাটকের ভিড়ে ‘সুপ্তাদের বাড়ি’ ভিন্ন স্বাদ দিয়েছে দর্শকদের। পাশাপাশি মাহির অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। এর বাইরে মুশফিক আর ফারহানের বিপরীতে তার অভিনীত ‘আদরের সন্তান’ ও ‘যত্ন’ নাটক দু’টিও দর্শকমহলে প্রশংসিত হয়েছে। রোমান্টিকতার বাইরে এ দুই নাটকের কমেডিগুলোও অন্য অনেক নাটক থেকে পরিচ্ছন্ন ও ভিন্নধর্মী।
এর বাইরে মাহি অভিনীত ‘হৃদয়ের টানে’, ‘মন দিতে চাই’, ‘ঘুষখোর গফুর’, ‘কতো যে আপন’- নাটকগুলো ঈদে দর্শক দেখতে পেরেছেন। ঈদের নাটকের সাড়া প্রসঙ্গে মাহি বলেন, একেক নাটক একেকটি দর্শক পছন্দ করেছেন। কেউ ‘সুপ্তাদের বাড়ি’ আবার ‘কেউ ‘যত্ন’ আবার কেউ ‘ঘুষখোর গফুর’ আবার কেউ পছন্দ করছেন ‘আদরের সন্তান’। মোটামুটি সব নাটক থেকেই ভালো সাড়া পাচ্ছি। বিদেশে থেকেও মনে হচ্ছে আমি দেশেই রয়েছি। কারণ প্রতিনিয়ত দর্শকরা প্রশংসা জানাচ্ছেন নাটকগুলোর জন্য। শুধু তাই নয়, দর্শক স্বস্তি প্রকাশ করছেন নাটকগুলো দেখে।
এদিকে, মাহি আরও মাস খানেক পর দেশে ফিরবেন। ফিরেই ফের মনোযোগী হবেন নাটকের
কাজ নিয়ে।