বর্তমানে ঈদুল ফিতরের সিনেমাগুলো এখনো চলছে সিনেপ্লেক্স ও বিভিন্ন সিঙ্গেল হলগুলোতে। তবে এবারের ঈদের হিসাবটা গত কয়েক বছরের তুলনায় ভিন্ন। কারণ শাকিব খানের ‘প্রিন্স’কে টপকে এরইমধ্যে নিজেদের অবস্থান জানান দিয়েছে আফরান নিশোর ‘দম’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’ ও রায়হান রাফীর পরিচালনায় ‘প্রেশার কুকার’। খোদ শাকিব খান দুঃখ প্রকাশ করেছেন ‘প্রিন্স’র ব্যর্থতায়। এই যখন অবস্থা, তখন তোড়জোড় চলছে ঈদুল আজহায় ছবি মুক্তির। খুব বেশি ছবি এবার আলোচনায় নেই। হাতেগোনা কয়েকটি সিনেমার নামই শোনা যাচ্ছে ঈদে মুক্তির তালিকায়। এর মধ্যে রয়েছে বেশ আগেই ঘোষণা দেয়া শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এ ছবিটির শুটিং চলছে মালয়েশিয়ায়। এতে শাকিব অভিনয় করছেন রকস্টারের ভূমিকায়। তার বিপরীতে রয়েছেনÑ সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। এর মধ্যে সাবিলার সঙ্গে জুটি বেঁধে শাকিবের ‘তাণ্ডব’ ছবিটি গত বছর ঈদে বেশ আলোচিত ছিল। এবার রকস্টারের ভূমিকায় শাকিবের উপস্থিতি ও পারফরম্যান্স নিয়ে কৌতূহল রয়েছে তার ভক্তদের। দেখার বিষয় এ ছবি দিয়ে ‘প্রিন্স’ ব্যর্থতার গ্লানি কতোটুকু মুছতে পারেন শাকিব। এদিকে, ‘রকস্টার’র পরই যে ছবিটি সবচেয়ে আলোচনায় রয়েছে সেটি হচ্ছে ‘রইদ’। মেজবাউর রহমান সুমন এর আগে ‘হাওয়া’ সিনেমা দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এবার দ্বিতীয় ছবি ‘রইদ’ নিয়ে আসছেন তিনি। হাজার বছরের পুরনো আখ্যান অ্যাডাম ও ইভের কাহিনী বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা। অভিনয় করেছেনÑ মোস্তাফিজুর নূর ইমরান ও তার স্ত্রীর চরিত্রে নাজিফা তুষি। এর আগে একাধিকবার আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ ছবিটি মুক্তির কথা চললেও সেটি আর হয়নি। এবারের কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ভিন্নধর্মী ছবি ‘বিদায়’র। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটিতে প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই; বরং গল্পই এখানে মুখ্য। এতে অভিনয় করছেনÑ বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ। এর বাইরে ঈদে মুক্তির আলোচনায় থাকা ছবির মধ্যে রয়েছে সাইফ চন্দনের পরিচালনায় আরিফিন শুভ-মিমের ‘মালিক’, মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘বনলতা সেন’, রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’, রাশিদ পলাশের ‘রঙবাজার’ ও সাইমন-পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’।
ঈদের সিনেমা মুক্তির তোড়জোড়
১৫
previous post