অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৪৮তম আসরে নিজের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা নিয়ে গেছেন। এখানে আর্টকোর সেকশনে অফিসিয়ালি মনোনীত হয়েছে নির্মাতা আসিফ ইসলামের এই সিনেমা। এখানে বাংলাদেশের ট্র্যাডিশনাল যাত্রাপালার মতো সমৃদ্ধ এক শিল্পমাধ্যমের সূর্য ধীরে ধীরে অস্ত যাওয়ার আখ্যান তুলে ধরা হয়েছে। এতে যাত্রার প্রিন্সেস হয়ে এক আবেদনময়ী নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে ভাবনাকে। নাচের মেয়ে ভাবনা এমনিতেই নাচের মুদ্রায় নিজেকে আকর্ষণীয় লুকে তুলে ধরতে অত্যন্ত পারদর্শী। তাই এই সিনেমায় তার চরিত্রায়ণ নিয়ে অত্যন্ত আগ্রহ তৈরি হয়েছে দর্শক ও ভক্তদের মাঝে। এদিকে, দেশি ফ্যাশনকে বিশ্বের সামনে তুলে ধরতে সব সময় নিজের সর্বোচ্চটাই দেন ভাবনা।
এবারো তার ব্যতিক্রম নন। বৃহস্পতিবার এই মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হেঁটেছেন এই অভিনেত্রী। লাল গালিচায় বাংলাদেশের মেয়ে হিসেবে শ্যাওলা রঙা গাউনে নজর কেড়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, এটা আসলে আমার পরম পাওয়া। খুব ভালো লেগেছে দেশকে এমন একটি আন্তর্জাতিক উৎসবে রিপ্রেজেন্ট করতে পেরে। এটা অন্যরকম এক অভিজ্ঞতা। প্রসঙ্গত, এর আগেও তিনি কান চলচ্চিত্র উৎসবে গিয়ে দেশের বিভিন্ন ডিজাইনারদের কাজ ও দেশের হেরিটেজ টেক্সটাইলগুলোকে তুলে ধরে নজর কেড়েছিলেন সবার।