Home যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত

Muktochinta Online
০ comments views

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোরে শ্রীভপোর্ট শহরে ঘটে যাওয়া এই ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হন। স্থানীয় কর্তৃপক্ষ ও একাধিক মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, রবিবার সকাল প্রায় ৬টার দিকে একটি পারিবারিক বিরোধ থেকে এই গুলিবর্ষণের ঘটনা শুরু হয়।

নিহত শিশুদের বয়স এক বছর থেকে প্রায় ১৪ বছরের মধ্যে।

শ্রীভপোর্ট পুলিশের প্রধান ওয়েইন স্মিথ জানান, ঘটনাটি অত্যন্ত জটিল এবং অস্বাভাবিক। তিনি বলেন, এটি একটি বিস্তৃত এলাকা জুড়ে সংঘটিত ঘটনা, যা আমাদের অনেকের জন্যই পূর্ব অভিজ্ঞতার বাইরে। তদন্তকারীরা এখনও ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করছেন।

পুলিশ জানায়, এই গুলির ঘটনা এক জায়গায় সীমাবদ্ধ ছিল না; বরং তিনটি আলাদা স্থানে ঘটনার সূত্র পাওয়া গেছে। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। পরে বোশিয়ার সিটি এলাকায় পুলিশের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।

পুলিশ প্রধান স্মিথ আরো জানান, গুলিবিদ্ধ কয়েকজন শিশু সন্দেহভাজন হামলাকারীর আত্মীয় ছিল।

তবে পুরো পারিবারিক ঘটনার পটভূমি ও উদ্দেশ্য এখনও তদন্তাধীন।

এ ঘটনায় লুইজিয়ানা স্টেট পুলিশকে আনুষ্ঠানিকভাবে তদন্তে যুক্ত করা হয়েছে। অঙ্গরাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শ্রীভপোর্ট পুলিশের অনুরোধে তাদের গোয়েন্দারা তদন্তে সহায়তা করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

কর্তৃপক্ষ সাধারণ জনগণের কাছে আহ্বান জানিয়েছে, কারো কাছে যদি ঘটনার সঙ্গে সম্পর্কিত ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তবে তা যেন রাজ্য পুলিশ বা গোয়েন্দাদের সঙ্গে শেয়ার করা হয়।

এদিকে, এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় তীব্র শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

You may also like

Leave a Comment