Home আর্ন্তজাতিকযে পোস্ট মুছে দিলেন ইসলামাবাদে ইরানি রাষ্ট্রদূত

যে পোস্ট মুছে দিলেন ইসলামাবাদে ইরানি রাষ্ট্রদূত

Muktochinta Online
০ comments ১৭ views

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্ট দিয়ে তা আবার মুছে দিয়েছেন। ওই পোস্টে তিনি বলেছিলেন- যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় হতে যাওয়া আলোচনার আগে বৃহস্পতিবার রাতে একটি ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাবে। ইসরাইলি শাসনের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে সন্দেহ থাকা সত্ত্বেও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একটি ইরানি প্রতিনিধিদলকে ‘গুরুত্বপূর্ণ আলোচনার’ জন্য স্বাগত জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল আরাবিয়া। তিনি আরও লিখেছিলেন- ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদে পৌঁছাচ্ছে। তবে পরে এই পোস্টটি মুছে ফেলা হয়েছে। ফলে পরিস্থিতি কি তা বোঝা কঠিন হয়ে পড়েছে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার পর লেবাননে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ হামলা করেছে ইসরাইল। মাত্র ১০ মিনিটে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। বেসামরিক এলাকায় ছোঁড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাকে কমপক্ষে ২৫০ লেবাননি নিহত হয়েছেন। এরপরই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি আবার বন্ধ করে দিয়েছে ইরান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন লেবাননে হামলাকে অযৌক্তিক আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। ওদিকে পাকিস্তান মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সপ্তাহান্তে ইসলামাবাদে আলোচনায় নেতৃত্ব দেবেন। এই পরিস্থিতিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার থেকে কয়েকদিনের জন্য স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে সাধারণত উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের আগে নিরাপত্তাজনিত কারণে এ ধরনের ব্যবস্থা নেয়া হয়। এ সময়েও জরুরি সেবাগুলো চালু থাকবে। যেমন পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ। ইসলামাবাদের ডেপুটি কমিশনারের দপ্তর এক্সে দেয়া বিবৃতিতে জানিয়েছে- জরুরি সেবাগুলো চালু থাকবে এবং নাগরিকদের তাদের কার্যক্রম সেই অনুযায়ী পরিকল্পনা করার পরামর্শ দেয়া হয়েছে।

You may also like

Leave a Comment