Home খেলাধুলা‘১১ বছর পর’ বাংলাদেশে পাকিস্তান

‘১১ বছর পর’ বাংলাদেশে পাকিস্তান

Muktochinta Online
০ comments views

ক্রিকেট বিশ্ব আপাতত রোমাঞ্চ নিয়ে তাকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। তবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া পাকিস্তান ও বিশ্বকাপে যেতে না পারা বাংলাদেশ অপেক্ষায় অন্য সংস্করণের দ্বৈরথে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। প্রধান কোচ মাইক হেসনসহ সাপোর্ট স্টাফদের একটি দল আগের দিনই চলে এসেছে ঢাকায়। গতকাল ভোরে এসেছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্ব ক্রিকেটাররাসহ সাপোর্ট স্টাফের অন্যরা।

প্রায় ১১ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে পাকিস্তান। সবশেষ তারা এদেশে সফর করে গেছে গত বছর। তখন ছিল শুধু তিনটি টি-টোয়েন্টি। ২০২১ সালের সফরে ছিল তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট। ২০১৫ সালের সফরে ছিল টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সবকিছুই। আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী, এই সফরেও ছিল তিন সংস্করণের খেলা। তবে পাকিস্তান সুপার লিগের জন্য সেই পরিকল্পনা বদলে গেছে। এখন এবারের সফরে শুধু তিনটি ওয়ানডে খেলবে দুই দল। পাকিস্তান সুপার লিগ শেষে আগামী মে মাসে আবার সফরে এসে তারা খেলবে দুটি টেস্ট। এই পরিবর্তিত সূচিতে কাটা পড়েছে টি-টোয়েন্টি তিনটি।

১১ বছর আগে সবশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। দুই দলের আগের চারটি দ্বিপাক্ষিক সিরিজে অবশ্য প্রতিবারই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। সব মিলিয়ে ৩৯ ওয়ানডেতে পাকিস্তানের জয় ৩৪টি, বাংলাদেশের ৫টি। এবারে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী বুধবার, শুক্রবার ও রোববার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিটি ম্যাচই হবে দিবা-রাত্রির। সিরিজের জন্য বেশ কজন নতুন ক্রিকেটারকে নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান। বাংলাদেশ দলেও আছে আগের সিরিজ থেকে বেশ কিছু পরিবর্তন।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
পাকিস্তান ওয়ানডে স্কোয়াড : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফায়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, মোহাম্মাদ ওয়াসিম, মুহাম্মাদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হুসাইন।

You may also like

Leave a Comment