Home আর্ন্তজাতিকমার্কিন নৌ-অবরোধের কড়া জবাব দেওয়া হবে: ইরানের শীর্ষ জেনারেলের হুঁশিয়ারি

মার্কিন নৌ-অবরোধের কড়া জবাব দেওয়া হবে: ইরানের শীর্ষ জেনারেলের হুঁশিয়ারি

Muktochinta Online
০ comments ১২ views

ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) এক বিবৃতিতে জানান, এই অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেবে ইরান।

জেনারেল আব্দুল্লাহি বলেন, “আগ্রাসী ও সন্ত্রাসী যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে বেআইনিভাবে সামুদ্রিক অবরোধ আরোপ করে এবং ইরানি বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে তা বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে গণ্য হবে।” তিনি আরও যোগ করেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তখন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে অন্য কোনো দেশের পণ্য আদান-প্রদান চলতে দেবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা এবং বেশ কয়েকজন সামরিক কমান্ডারের হত্যাকাণ্ডের পর ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। দীর্ঘ ৪০ দিনের পাল্টাপাল্টি হামলার পর গত ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় উত্তেজনা আবারও তুঙ্গে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌ-অবরোধের ঘোষণা দেন, যা গত সোমবার থেকে কার্যকর শুরু করেছে মার্কিন বাহিনী। তেহরান এই পদক্ষেপকে ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করে জানিয়েছে, নিজেদের জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় ইরান যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

You may also like

Leave a Comment