মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছিল যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার কয়েক দিনের মাথায় এই সংঘাত আরও ব্যাপক রূপ নিতে পারে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, চীন তেহরানকে উন্নত রাডার সিস্টেম সরবরাহের কথা বিবেচনা করছে এবং রাশিয়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানের সাথে শেয়ার করেছে।
বৃহস্পতিবার সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সংঘাত শুরুর পরপরই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর বিস্তার নিয়ে আশঙ্কা প্রকাশ করে। পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির বিশ্লেষকদের মতে, চীন ইরানকে অত্যাধুনিক এক্স-ব্যান্ড রাডার প্রযুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। এই প্রযুক্তি হাতে পেলে নিচু দিয়ে উড়ে আসা ড্রোন এবং ক্রুজ মিসাইল শনাক্ত করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে রাশিয়া মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকান বাহিনীর অবস্থান সম্পর্কিত তথ্য ইরানকে সরবরাহ করেছে। চীন ইতিমধ্যেই কোনো রাডার হস্তান্তর করেছে কি না তা নিশ্চিত হওয়া না গেলেও, এই মূল্যায়ন থেকে বোঝা যাচ্ছে যে বিশ্বশক্তিগুলো ইরানকে পরোক্ষ সামরিক সহায়তা দিতে পারে—যা যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ করে তুলতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা আক্রমণ শুরু করে এবং পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা চলছে। এক্ষেত্রে পাকিস্তান ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে জানা গেছে। বর্তমানে দুই সপ্তাহের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ আগামী ২২ এপ্রিল পর্যন্ত।