মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুর ধাক্কা সামলে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও জিততে না পারার হতাশায় পুড়ছে বাংলাদেশ শিবির। ম্যাচ শেষে এমন আক্ষেপই ঝরেছে ওপেনার সাইফ হাসানের কণ্ঠে।
মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৮ রানের লক্ষ্যে ২ উইকেটে ১১৪ এবং ৪ উইকেটে ১৮৪ রানের পরও ২২১ রানে গুটিয়ে ২৬ রানে হেরে যায় বাংলাদেশ। জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেন সাইফ।
সাইফের মতে, উইকেটে সেট হওয়া ব্যাটারদের বড় ইনিংস খেলার পাশাপাশি ম্যাচ শেষ করে আসা উচিত ছিল।
‘শুরু থেকেই উইকেট চ্যালেঞ্জিং ছিল। কিন্তু উইকেটে সেট হয়ে গেলে ব্যাট করা সহজ হয়ে যেত। নতুন ব্যাটারদের জন্য এটা কঠিন। আমি আরও কিছুক্ষণ থাকতে পারলে দলের জন্য কাজটা সহজ হয়ে যেত।’
‘অবশ্যই উন্নতির আরও অনেক ক্ষেত্র আছে। উইকেট চ্যালেঞ্জিং ছিল, তবে আরও ভালো স্ট্রাইক রোটেশন করে খেললে আমাদের জন্য ভালো হতো।’
উইকেটের সাথে মানিয়ে নিতে ব্যাটাররা চেষ্টা করেছে বলে জানান সাইফ। তারপরও ব্যাটারদের ব্যর্থতার জন্য কোনো অজুহাত দিতে রাজি নন তিনি।
‘আমরা পেশাদার ক্রিকেটার এবং ভিন্ন ভিন্ন অবস্থার সাথে মানিয়ে নিতে হবে। আমরা দীর্ঘ সময় ধরে লড়াইয়ে ছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ সময় উইকেট হারিয়ে পিছিয়ে পড়ি। ড্রেসিংরুম থেকে পরিষ্কার বার্তা ছিল। কিন্তু আমরা ঠিকঠাক নিজেদের দায়িত্ব পালন করতে পারিনি।’
হার দিয়ে সিরিজ শুরু করলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সাইফের।
‘নিউজিল্যান্ড খুবই ভালো দল। আমরা পরের ম্যাচেই আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’
একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে সোমবার।