Home বিনোদন‘দেশ ও দশের জন্য কাজ করতে চাই’

‘দেশ ও দশের জন্য কাজ করতে চাই’

Muktochinta Online
০ comments ১৬ views

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তার আরেক পরিচয় তিনি কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে। এবার সুযোগ পেলে দেশ ও দশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দিঠি। রাজনীতিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই পরিবারে দেশপ্রেমের পরিবেশে বেড়ে উঠেছি। বাবার কাছ থেকেই দেশের প্রতি ভালোবাসা ও মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। বাবার ভেতরে যে দেশপ্রেম দেখেছি, দেশের মানুষকে যেভাবে তিনি ভালোবাসতেন- সেই শিক্ষাই আমাকে গড়ে তুলেছে। ছোটবেলা থেকেই মনে হতো, বড় হয়ে দেশের জন্য কিছু করবো।

তিনি আরও বলেন, তার বাবার আদর্শিক প্রভাবের পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতেন। একইভাবে বেগম খালেদা জিয়ার আদর্শ তাকে আকৃষ্ট করেছে। তাদের চিন্তাধারার সঙ্গে নিজের ভাবনার মিল খুঁজে পেয়েই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতি আগ্রহী হয়ে ওঠেন। দিঠি বলেন, বড় পরিসরে দেশের জন্য কাজ করতে চাইলে রাজনীতি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম। বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। তাই সারা জীবনের পছন্দের এই দল থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দিঠি বলেন, ১৭ বছর পর তারেক রহমানের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পেয়েছে দেশ।

তাই এবার সরাসরি রাজনীতিতে সক্রিয় হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। তিনি বলেন, আমি এমপি হলে মানুষের জন্য কাজ করবো। তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেবো। দিঠি আনোয়ার সিলেট-৩ এবং কুমিল্লা-১ এই দুই আসন থেকে মনোনয়ন চেয়েছেন। সিলেট-৩ থেকে দিঠির শ্বশুর শফি আহমেদ চৌধুরী বিএনপি’র দুইবারের সংসদ সদস্য ছিলেন? আর কুমিল্লা-১ হচ্ছে তার নিজ এলাকা। যেখান থেকেই সুযোগ দেয়া হবে, সেখানে গিয়ে সাধারণ মানুষের সমস্যাগুলো সরাসরি শুনে সমাধানের চেষ্টা করবেন বলে জানান দিঠি। তিনি বলেন, আমি এক কথার মানুষ। কাউকে কথা দিলে সেটা বাস্তবায়ন করেই ছাড়ি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেছি। আমাদের মেধা দেশের কাজে লাগাতে চাই। সংস্কৃতির মাধ্যমে মানুষকে সহজেই প্রভাবিত করা যায় এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করাও সহজ। তিনি আশা প্রকাশ করেন, দল শিক্ষিত ও সংস্কৃতিমনা ব্যক্তিদের সুযোগ দেবে এবং তাকেও সে সুযোগ দেয়া হবে।

You may also like

Leave a Comment