Home খেলাধুলাক্লাবের মালিক হলেন মেসি

ক্লাবের মালিক হলেন মেসি

Muktochinta Online
০ comments ১২ views

দীর্ঘ দুই দশক কাতালান ক্লাব বার্সেলোনায় রাজত্ব করার পর ২০২১ সালে ক্লাবটিকে বিদায় জানান লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আবারো সেই বার্সেলোনায় ফিরলেন আর্জেন্টাইন জাদুকর। এবার খেলোয়াড় হিসেবে নয়, রীতিমতো ক্লাবের মালিক হয়ে। স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ‘ইউই কোর্নেয়া’ কিনে নিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। বার্সেলোনার পার্শ্ববর্তী শ্রমিক অধ্যুষিত এলাকার ক্লাব হিসেবে পরিচিত কোর্নেয়া। বৃহস্পতিবার ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেসিকে মালিক হিসেবে ঘোষণা করা হয়। এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘লিওনেল মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করলো। এই প্রকল্পের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্থানীয় শেকড়ের সঙ্গে সংযোগ রেখে ক্লাবের উন্নতি সাধন করা।’ তবে ক্রয়ের আর্থিক বিষয়াদি এখনই খোলসা করেনি কোনো পক্ষ। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লীগসহ অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। রেকর্ড ৬৭২টি গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি ছোট হলেও বড় বড় তারকা তৈরির কারিগর হিসেবে পরিচিত। আর্সেনালের বর্তমান গোলরক্ষক ডেভিড রায়া, বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড মার্টিন এবং মেসির বর্তমান ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা-সবাই এই কোর্নেয়া থেকেই উঠে এসেছেন। এমনকি ২০২১ সালে কোপা দেল রে-তে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল এই ক্লাবটি। সেই আসরে বার্সেলোনার ঘাম ছুটিয়ে অতিরিক্ত সময়ের লড়াইয়ে হার মেনেছিল তারা। ৩৮ বছর বয়সী মেসি বর্তমানে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এই আসরে আর্জেন্টিনার বিশ্বসেরার মুকুট ধরে রাখার মিশনে নেতৃত্ব দেবেন তিনি।

You may also like

Leave a Comment