Home শিল্প-সাহিত্যদখিনা পদক পেলেন কবি আমিরুল বাসার

দখিনা পদক পেলেন কবি আমিরুল বাসার

Muktochinta Online
০ comments ১৯ views

সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অবদানের জন্য ‌‘দখিনা পদক-২০২৫’ পেলেন কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক সংগঠক আমিরুল বাসার। ৪ এপ্রিল খুলনার একটি মিলনায়তনে দখিনা-খুলনার ২৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তাকে এ পদক দেওয়া হয়। প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী তার হাতে এ পদক তুলে দেন।

২০০১ সাল থেকে শিল্প-সাহিত্য ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে খুলনার এ সংগঠনটি ‘দখিনা’ পদক প্রদান করে আসছে। ২০২৫ সালের জন্য ছয়জনকে পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন- কৃষিক্ষেত্রে ড. এস এম ফেরদৌস, শিক্ষা ও গবেষণায় প্রফেসর ড. আসাদ ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি র্চচায় কবি আমিরুল বাসার, ক্রীড়াক্ষেত্রে জি এম রেজাউল ইসলাম, মানবকল্যাণে সর্বদা অনুভূতি (প্রতিষ্ঠান) এবং পরিবেশ সুরক্ষায় মাহাথির মুহম্মদ অথৈ।

আমিরুল বাসার ছেলেবেলা থেকেই লেখালেখি করে আসছেন। একুশ বছর বয়সে তার প্রথম কবিতার বই ‘নীলচোখ’ (যৌথ) প্রকাশিত হয়। পরে ‘নীল অরণ্য’, ‘কৃষ্ণপক্ষের চাঁদ’, ‘কবুতর উপাখ্যান ও অন্যান্য কবিতা’, ‘সরোবরে সরোসিজ’ প্রকাশিত হয়। ‘প্রবন্ধসংগ্রহ’ নামে তার একটি প্রবন্ধের বই প্রকাশ হয়। এ ছাড়া ‘কমিউনিজমের মূলনীতি ও অন্যান্য প্রসঙ্গ’, ‘কাঁঠালিচাঁপা (গল্প সংকলন)’, ‘প্রেমের পদাবলি’, ‘লিটলম্যাগ কবিদের নির্বাচিত কবিতা’, ‘অনুশীলন (আবৃত্তির জন্য নির্বাচিত কবিতা)’ প্রভৃতি সম্পাদনা করেন। তার সম্পাদিত অন্য লিটল ম্যাগাজিনের মধ্যে ‘ছাড়পত্র’, ‘গণনাট্য কেন্দ্র পত্রিকা’, ‘বৈশাখের কবিতাপত্র’ উল্লেখযোগ্য।

তিনি ১৯৮৭ সাল থেকে ত্রৈমাসিক ‘ঈক্ষণ’ সম্পাদনার মাধ্যমে লিটল ম্যাগাজিন সম্পাদনা শুরু করেন। এ ছাড়া ১৯৯২ সাল থেকে লিটল ম্যাগাজিন ‘সাম্প্রতিক’ সম্পাদনা করে আসছেন। ১৯৮৭ সালে সেবাসংঘ, সাতক্ষীরা থিয়েটার, ১৯৯৪ সালে সাতক্ষীরা নাট্য দল (সানাদ) ও সাম্প্রতিক সাহিত্য ও আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১১ সালে আবৃত্তি ও নাট্য সংগঠন ‘সাম্প্রতিক-ঢাকা’ প্রতিষ্ঠা করেন।

বর্তমানে সাতক্ষীরা নাট্য দলের (সানাদ) সদস্য, সাম্প্রতিক সাহিত্য ও আবৃত্তি সংসদ সাতক্ষীরা এবং সাম্প্রতিক-ঢাকার সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে সংস্কৃতিচর্চা অব্যাহত রেখেছেন। তিনি বাংলাদেশ লিটল ম্যাগাজিন সম্পাদক পরিষদের (বালিসপ) প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক।

২০১৮ সালে আমিরুল বাসারকে বর্ধমান লিটল ম্যাগাজিন সম্মাননা, ২০২৪ সালে ঈক্ষণ লিটল ম্যাগাজিন সম্মাননা, ২০২৫ সালে কাব্যশ্রী সাহিত্য পুরস্কার ও মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মাননায় ভূষিত করা হয়। এ ছাড়া ‘বসিরহাট নাট্য আকাদেমি সম্মাননা’, ‘দশরুপক সম্মাননা’, ‘চারুকণ্ঠ আবৃত্তি সংসদ সম্মাননা’, ‘পল্লীকবি জসীম উদ্‌দীন স্মৃতিপদক’ পান।

You may also like

Leave a Comment