উজবেকিস্তানের সঙ্গে আগের ম্যাচে ড্র করে এশিয়ান গেমস হকি থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। তবে আজ ব্যাংককের রয়্যাল থাই এয়াফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী পর্বে হংকং চায়নাকে হারিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করলো লাল-সবুজের প্রতিনিধিরা। ৪-৪ ব্যবধানে নির্ধারিত সময়ের খেলার পর টাইব্রেকারে ৩-২ গোলে শেষ হাসি হাসে বাংলাদেশ।
শুরুর পাঁচ মিনিটের মধ্যে রাকিবুল হোসেন ও আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিছুক্ষণ পর এক গোল শোধ দেয় হংকং। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই জালের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারে আরেকটি গোলে সমতায় ফেরে হংকং। এরপর পেনাল্টি কর্নার থেকে আরেকবার বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল। চতুর্থ ও শেষ কোয়ার্টারে লড়াই জমে ওঠে। কুলদ্বীপ সিং হংকংককে সমতায় ফেরাকে মিনিট দুয়েক পর আবারও পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল। তবে শেষ বাঁশির আগে হংকং সমতাসূচক গোলটি করলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বির গোলে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের।
পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে মোট ৯টি দল খেলছে বাছাইয়ে। এদের মধ্যে সেরা ছয় দল আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলবে। আজকের জয়ে সেরা ছয়ে থাকা নিশ্চিত হলো বাংলাদেশের। আগামী শুক্রবার পঞ্চম হয়ে বাছাই শেষ করার লক্ষ্যে চাইনিজ তাইপের মুখোমুখি হবে আমিরুলরা।