চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে।
আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।
তবে এই ম্যাচের অংশ না হয়েও এখন আলোচনার কেন্দ্রে রাফিনিয়া। কারণ, এক বিতর্কিত মন্তব্য। চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সা বিদায় নেওয়ার পর তিনি রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন।
এতে শাস্তির সম্মুখীন হতে পারেন রাফিনিয়া। জরিমানা থেকে শুরু করে ইউরোপীয় প্রতিযোগিতায় তাকে সর্বোচ্চ ৩ ম্যাচ নিষিদ্ধ করতে পারে উয়েফা। স্পোর্ট বাইবেলের প্রতিবেদনে সম্ভাব্য এই শাস্তির কথা বলা হয়েছে।
কালকের ম্যাচের রেফারি ক্লেমঁ তুরপিনকে নিয়ে সাংবাদিকদের রাফিনিয়া বলেন, ‘ম্যাচটি পুরো ডাকাতি করা হয়েছে।
রেফারির অনেক সমস্যা ছিল। তার কিছু সিদ্ধান্ত অবিশ্বাস্য ছিল। জানি না আতলেতিকো কতগুলো ফাউল করেছে। কিন্তু তিনি কার্ড দেখাননি।’
২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড আরো বলেন, ‘মানুষ হিসেবে একবার ভুল হতেই পারে।
কিন্তু একই জিনিস বারবার হলে…? আমরা খুব ভালো খেলেছি। কিন্তু এই ম্যাচ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মনে হয়েছে, জিততে আমাদের তিনগুণ বেশি চেষ্টা করতে হয়েছে। আমি জানতে চাই, কেন রেফারি বার্সেলোনাকে এগোতে দিতে (সেমিফাইনালে উঠতে দিতে) ভয় পাচ্ছিলেন।’
রেফারিকে নিয়ে শুধু এই মন্তব্যই নয়; গ্যালারিতে থাকা আতলেতিকো সমর্থকদের দিকে গিয়েও তিনি ইঙ্গিত করেন, তাদের দল সেমিফাইনাল থেকে বিদায় নেবে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়মে বলা হয়েছে, কেউ যদি অপমানজনক আচরণ করে বা খেলার মানহানি ঘটায় এমন মন্তব্য করে, তাহলে তাকে শাস্তি দেওয়া হতে পারে।
২০১৯ সালে পিএসজিতে থাকতে ম্যাচ অফিসিয়ালদের ‘ নির্লজ্জ’ বলায় ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমার। পরে পিএসজি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে শাস্তির বিরুদ্ধে আপিল করলে নেইমারের নিষেধাজ্ঞা কমে ২ ম্যাচে নেমে আসে।
রাফিনিয়ার জন্য কী শাস্তি অপেক্ষা করছে, এখন সেটাই দেখার অপেক্ষা।