Home ধর্মসর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন

সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন

হাদিসের বাণী

Muktochinta Online
০ comments ১৪ views

আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন এক ব্যক্তি, যে একবার চলবে একবার হোঁচট খাবে, জাহান্নামের আগুন তাকে ঝলসে দিবে, যখন সে জাহান্নামের পাশ দিয়ে অতিক্রম করবে, সে বলবে, বরকতময় সে সত্তা যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। নিশ্চয় আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা আগে-পরে কাউকে দান করেননি। তখন তাকে একটি গাছ দেখানো হবে, সে বলবে, হে আমার রব, আমাকে এ গাছের কাছে যেতে দিন, যেন তার ছায়া গ্রহণ করতে পারি ও তার পানি পান করতে পারি। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে এটা দেই তাহলে হয়তো তুমি আরো অন্য কিছু চেয়ে বসবে।সে বলবে, না আল্লাহ, (কখন-ই না)। সে ওয়াদা দিবে যে এ ছাড়া আর কিছু সে চাইবে না, সে ধৈর্য ধারণ করতে পারছে না দেখে আল্লাহ তখন তাকে ছাড় দিবেন। তাকে গাছের কাছে যেতে দিবেন, ফলে সে তার ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে। 

তারপর তাকে আরেকটি গাছ দেখানো হবে, যা আগেরটির তুলনায় অধিক সুন্দর।সে বলবে, হে আমার রব, আমাকে এটার কাছে যেতে দিন, যেন তার পানি পান করতে পারি ও তার ছায়া গ্রহণ করতে পারি, এ ছাড়া আর কিছু চাইব না। তিনি বলবেন, হে বনি আদম, তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে, আর কিছু চাইবে না? তিনি বলবেন, আমি যদি তোমাকে এটার কাছে যেতে দেই তুমি তো আবার অন্য কিছু চেয়ে বসবে। সে ওয়াদা করবে যে, অন্য আর কিছু চাইবে না। তার ধৈর্য নেই দেখে আল্লাহ তাকে ছাড় দিবেন।তাকে গাছটির কাছে যেতে দিবেন, সে তার ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে। 

তারপর তাকে আরো একটি গাছ-একেবারে জান্নাতের দরজার মুখে-দেখানো হবে, যা হবে আগের দুটির চেয়েও অধিক সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে এ গাছটির কাছে যেতে দিন, আমি তার ছায়া গ্রহণ করব এবং তার পানি পান করব। এ ছাড়া কিছু-ই চাইব না। তিনি বলবেন, হে বনি আদম, তুমি কি আমাকে ওয়াদা দাওনি অন্য কিছু চাইবে না? সে বলবে, অবশ্যই হে আমার রব, এটাই শেষ, আর কিছু-ই চাইব না।তার ধৈর্য নেই দেখে আল্লাহ তাকে ছাড় দিবেন। তিনি এই গাছটির নিকটও যেতে দিবেন। তখনই সে জান্নাতিদের আওয়াজ শুনতে পাবে, সে বলবে, হে আমার রব, আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকতে দিন, তিনি বলবেন, হে বনি আদম, আর কত? 

এবার কি তুমি সন্তুষ্ট হবে, যদি আমি তোমাকে দুনিয়া ও তার সমান জান্নাত দান করি? সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি দুজাহানের বাদশা? হাদিসটি বর্ণনা করতে গিয়ে সাহাবি ইবনে মাসউদ (রা.) হেসে দিলেন। তিনি বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছ না আমি কেন হাসছি? তারা বলল, কেন হাসছেন? তিনি বললেন, এ হাদিস বলে মহানবী (সা.) এভাবে হেসেছেন। তখন তারা (সাহাবিরা) বলেছিলো, হে আল্লাহর রাসুল আপনি কেন হাসছেন? তিনি বলেছিলেন, আল্লাহর হাসি দেখে.. যখন বান্দা বলছিলো, আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি দুজাহানের বাদশা? এরপর আল্লাহ বললেন, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই করতে পারি’। (সহিহ মুসলিম, হাদিস নং : ১৮৭)

You may also like

Leave a Comment