প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৫ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এক প্রবাসীর মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বাহরাইনে নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকারের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে তার পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই বিএমইটি-এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশে যেতে হবে। এতে তারা সরকারের তালিকাভুক্ত থাকবেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে মন্ত্রী মরদেহটি গ্রহণ করেন এবং নিহতের ছোট ভাইয়ের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, সিলেটের বাসিন্দা গিরিশ চন্দ্র সূত্রধর কর্মসূত্রে বাহরাইন-এ অবস্থানকালে মারা যান।