ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের দৌড়ে হোঁচট খেলো আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আজ বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরেছে তারা। এই হারে ২০০৪ সালের পর লীগ শিরোপা জয়ের পথে বড় ধাক্কা খেলো গানাররা। লীগ শেষ হতে আর ৬ ম্যাচ বাকি। বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ৯ পয়েন্টে এগিয়ে আর্সেনাল। তবে সিটির হাতে আছে আরও দুই ম্যাচ। ম্যাচ দুটিতে জয় পেলে আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৩-এ নামিয়ে আনবে গার্দিওলার দল।
ঘরের মাঠে শুরু থেকে চাপে ছিল আর্সেনাল। ১৭ মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন ১৯ বছর বয়সী ফরাসি তরুণ জুনিয়র ক্রুপি। উইলিয়াম সালিবার পায়ে লেগে বল তার সামনে এলে খুব কাছ থেকে জাল খুঁজে নেন তিনি। এই গোলের মাধ্যমে ১৯৯৯-২০০০ মৌসুমে রবি কিনের পর প্রথম টিনএজার হিসেবে অভিষেকেই প্রিমিয়ার লীগে ১০ গোল করার রেকর্ড গড়লেন ক্রুপি। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান ভিক্টর জিয়োকেরেস। রাইয়ান ক্রিস্টির হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তন আনেন মিকেল আতের্তা। কাই হাভার্টজ, ননি মাদুয়েকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে তুলে নিয়ে মাঠে নামান এবেরেচি এজে, ১৬ বছর বয়সী তরুণ ম্যাক্স ডাউম্যান এবং লিয়ান্দ্রো ট্রসার্ডকে। তিন পরিবর্তনের পরও আর্সেনালের ভাগ্যে পরিবর্তন আসেনি। উল্টো ৭৪ মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন অ্যালেক্স স্কট। তার শট ডেভিড রায়াকে ফাঁকি দিয়ে আর্সেনালের জালে জড়ায়।
মাসখানেক আগে আর্সেনাল ‘কোয়াড্রুপল’ জয়ের পথে ছিল। কিন্তু লীগ কাপের ফাইনালে সিটির কাছে হার এবং এফএ কাপে সাউদাম্পটনের বিপক্ষে হেরে বিদায়ের পর এখন প্রিমিয়ার লীগের শিরোপাও ফসকে যাওয়ার শঙ্কায় আর্সেনাল।