Home খেলাধুলাচোটের কারণে পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন

চোটের কারণে পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন

Muktochinta Online
০ comments ১২ views

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাদশ আসর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের হার্ডহিটিং ব্যাটার পারভেজ হোসেন ইমন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতানো এই বাঁহাতি ওপেনার ৩রা এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে কাঁধের চোটে পড়েন। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে ইমনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ রাতে ইমনের ঢাকায় ফেরার কথা রয়েছে।

মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে আসিফ আফ্রিদির সঙ্গে ফিল্ডিংয়ের সময় ইমনের সজোরে ধাক্কা লাগে। সেই সংঘর্ষে তার কাঁধে গুরুতর চোট লাগে। এরপর বেশ কয়েক দিন পর্যবেক্ষণে থাকার পর চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দেন। ইনজুরির ধরণ বিবেচনায় রেখে কোনো ঝুঁকি না নিতেই তাকে টুর্নামেন্ট থেকে রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।

পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে ৩ ম্যাচ খেলেছেন ইমন। তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান সংগ্রহ করে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। মুলতানের বিপক্ষে মাত্র ১৯ বলে ৪৫ রানের ইনিংসটি ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা। ২ চারের পাশাপাশি ৫ ছক্কায় সাজানো সেই ইনিংসের মাধ্যমেই পিএসএল দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

আজ ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পেশোয়ার জালমির বিপক্ষে ডাবল-হেডারের প্রথম ম্যাচটি শেষ করেই রাতের ফ্লাইটে বাংলাদেশের পথে রওয়ানা দেবেন ইমন। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী এ ব্যাটার। তিনটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিসহ ১৩০.২৫ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৬০৭ রান।
লাহোর কালান্দার্স শিবির ইমনের দ্রুত আরোগ্য কামনা করেছে এবং শীঘ্রই তার স্থলাভিষিক্ত ক্রিকেটারের নাম ঘোষণা করবে বলে জানিয়েছে।

You may also like

Leave a Comment