Home খেলাধুলাবার্সেলোনাকে হারিয়ে এগিয়ে থাকলো অ্যাটলেটিকো

বার্সেলোনাকে হারিয়ে এগিয়ে থাকলো অ্যাটলেটিকো

Muktochinta Online
০ comments ২১ views

ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেও জালের দেখা পেলো না বার্সেলোনা। ঘরের মাঠে বিরতির আগে কাতালানরা ১০ জনের পরিণত হলে সে সুযোগ দারুণভাবে কাজে লাগালো অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে শেষ পর্যন্ত ২-০ গোলে জয় তুলে নিলো মাদ্রিদের ক্লাবটি। ২০০৬-এর পর প্রথমবারের মতো ক্যাম্প ন্যুতে অ্যাটলেটির কাছে হার দেখলো বার্সা। সেইসঙ্গে, ক্যাম্প ন্যুতে টানা ১৪ ম্যাচ পর হারলো হান্সি ফ্লিকের দল। 

তিন দিন আগে স্প্যানিশ লা লিগায় বার্সার কাছে নিজেদের ঘরের মাঠে ২-১ গোলে হার দেখে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়নস লীগে এবার সেদিনের প্রতিশোধটা তাদেরই ঘরের মাঠে নিলো মাদ্রিদের ক্লাবটি। এমনকি এ নিয়ে ১৯বারের চেষ্টায় অবশেষে ক্যাম্প ন্যু জয় করলেন অ্যাটলেটি কোচ দিয়েগো সিমিওনে। তবে ম্যাচের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে বার্সা বস বলেন, ‘অবশ্যই আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি। ১০ জন নিয়ে খেলেও আমরা দারুণ লড়াই করেছি। তাদের বিরুদ্ধে রক্ষণ সামলানো মোটেও সহজ ছিল না। তবুও আমরা সুযোগ তৈরি করেছি এবং সামনেও সুযোগ পাবো। আমরা ইতিবাচক আছি। (ফিরতি লেগে) আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করবো। আমাদের জেতার সুযোগ আছে এবং আমরা সেই লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়ব।

ঘরের মাঠে বিরতির আগ পর্যন্ত ছড়ি ঘুরায় বার্সাই। ৫৮ শতাংশ বল নিজেদের পায়ে রাখা স্বাগতিকরা ১৮টি শট নিলেও কাজের কাজ হয়নি। লামিন ইয়ামাল ও মার্কাস রাশফোর্ডদের ফিনিশিং ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি কাতালানদের। ম্যাচের ভাগ্য বদলে যায় ৪৩তম মিনিটে। ডি-বক্সের ঠিক বাইরে জুলিয়ানো সিমেওনেকে ফাউল করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চেক শেষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার পাউ কুবার্সি। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সার জালে সেই ফ্রি-কিক থেকেই বল জড়ান হুলিয়ান আলভারেজ। নিখুঁত শটে এবারের আসরে নিজের ৯ম গোলটি করেন এ আর্জেন্টাইন তারকা। অ্যাটলেটিকোর ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি।

বিরতির পর একজন কম নিয়ে খেললেও আক্রমণের ধার কমায়নি বার্সা। ইয়ামালের পাস থেকে ‍রাশফোর্ড গোলকিপারকে কাটিয়েও বল মারেন পাশের জালে। গাভি ও জুল কুন্দেফের সুযোগ নষ্টের মহড়ায় পাল্টা আক্রমণে যায় আতলেতিকো। ৭০তম মিনিটে বদলি হিসেবে নামা আলেকসান্দার সরলথের ভলির গোলে বার্সার ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। ম্যাচের পর তৃপ্ততা নিয়ে অ্যাটলেটিকো কোচ সিমিওনে বলেন, আমরা আজ রাতে সুযোগগুলো কাজে লাগাতে একদম নিখুঁত ছিলাম, যা অন্য অনেক রাতে পারিনি।

আগামী মঙ্গলবার ফিরতি লেগে অ্যাটলেটকোর মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে নামবে দু‘দল। দুই গোলের ঘাটতি ঘুচিয়ে পরের ধাপে যাওয়া বার্সার জন্য বড় চ্যালেঞ্জ। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে এই মাঠেই কোপা দেল রেতে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ফ্লিকের দল।

You may also like

Leave a Comment