মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়েছে রাশিয়া। ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর মস্কোর পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি ফেরাতে হলে এই চুক্তির পরিধি অবশ্যই লেবানন পর্যন্ত বিস্তৃত হতে হবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে এক ফোনালাপে এই যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানান। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই চুক্তির একটি আঞ্চলিক গুরুত্ব রয়েছে এবং এটি লেবাননের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। ল্যাভরভ উল্লেখ করেন, শান্তি আলোচনার সার্থকতা নির্ভর করছে সব পক্ষের সংযত আচরণের ওপর।
ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েলের এই ধরনের আগ্রাসী পদক্ষেপ বর্তমানে চলমান উদীয়মান আলোচনা ও শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে লাইনচ্যুত করতে পারে। রাশিয়ার মতে, এক অঞ্চলে যুদ্ধবিরতি দিয়ে অন্য অঞ্চলে হামলা অব্যাহত রাখলে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরায়েল দাবি করেছে যে, তাদের লেবানন অভিযান এই চুক্তির আওতাভুক্ত নয়। এই দ্বিমুখী অবস্থানের মাঝেই রাশিয়ার এই কড়া বার্তা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে এবার কঠোর বার্তা দিলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। ফরাসি সংবাদ সংস্থা এএফপির বরাতে জানা গেছে, এই সংঘাতের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রত্যাশিত শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
মার্জ বলেন, ‘আমরা দক্ষিণ লেবাননের পরিস্থিতি নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন।’ তার মতে, ইসরায়েল বর্তমানে যে তীব্রতার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তা সামগ্রিক শান্তি প্রক্রিয়াকে ব্যর্থ করে দিতে পারে। এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় বলে সতর্ক করেছেন তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, জার্মানির মতো শক্তিশালী মিত্রের এমন মন্তব্য ইসরায়েলের ওপর নতুন করে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।