সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সামর্থ্যের জানান দিলো বাংলাদেশের তরুণ প্যাডেলাররা। টুর্নামেন্ট শেষে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক জিতে দক্ষিণ এশিয়ায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের শেষ দিনে সিঙ্গেলস ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়াইয়ে নামেন খই খই সাই মারমা, নাফিজ ইকবাল, আবুল হাসেম হাসিব এবং মো. মিদুল রহমান। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হন তারা। ফলে আজ নতুন কোনো পদক আর বাংলাদেশের ঝুলিতে যোগ হয়নি।
আয়োজক ভারত সব ইভেন্টে দাপট দেখিয়ে ১৩টি স্বর্ণসহ মোট ১৭টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পদক তালিকার হিসেবে বাংলাদেশের পরেই ৩টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ ১৪টি পদক নিয়ে তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা। নেপাল ১০টি পদক নিয়ে চতুর্থ এবং ৭টি পদক নিয়ে পঞ্চম হয়েছে মালদ্বীপ।
দলের অর্জন নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘সংখ্যাতত্ত্বের হিসাবে সাউথ এশিয়ান জুনিয়রে এটা আমাদের সর্বোচ্চ অর্জন। বালক দল প্রত্যাশা অনুযায়ী ভালো খেললেও বালিকারা সে তুলনায় কিছুটা পিছিয়ে ছিলো।’
গতকাল অনূর্ধ্ব-১৯ বালক দ্বৈতের ফাইনালে নাফিজ-হাসিব জুটি রৌপ্য পদক লাভ করেন। ভারতের কাছে প্রথম সেটে জয় পেলেও শেষ পর্যন্ত ১-৩ সেটে হেরে স্বর্ণ হাতছাড়া হয় বাংরাদেশের।